ঈদযাত্রা সামনে রেখে যমুনা সেতু-তে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে বেড়েছে টোল আদায়ের পরিমাণও। সেতুটির ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এই পরিসংখ্যান রেকর্ড করা হয়। এর মধ্যে ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন পারাপার হয়েছে, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে উভয় পাশে ২টি করে বুথ মোটরসাইকেলের জন্য আলাদা করে নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে চালু হওয়ার পর থেকে সেতুটিতে নিয়মিত টোল আদায় হয়ে আসছে। সাধারণ সময়ে প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করলেও ঈদ মৌসুমে এই সংখ্যা দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়ে যায়। অতিরিক্ত যানবাহনের চাপ, চালকদের অদক্ষতা এবং সড়ক দুর্ঘটনার কারণে এ সময় প্রায়ই যানজটের সৃষ্টি হয়।