কক্সবাজার শহরতলীর লিংকরোড রেলক্রসিং এলাকার একটি ঝোপ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা লিংকরোড রেলক্রসিং সংলগ্ন ঝোপে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ ঝোপে ফেলে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
এর একদিন আগে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকায় বস্তাবন্দি অবস্থায় আরেকটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরপর দুইদিনে দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ বলছে, দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।