কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ মোট ১৯ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার পৃথক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চকরিয়া থানা পুলিশের কয়েকটি টিম একযোগে অভিযান চালিয়ে নারী নির্যাতন, পারিবারিক বিরোধ, বন মামলা, মাদক, চুরি-ডাকাতি, মাছের ঘের দখল ও দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত পলাতক আসামীদের গ্রেপ্তার করে।
অভিযানে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের তদারকিতে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকীর নেতৃত্বে একাধিক এসআই ও এএসআইসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ৩ জন, দুই বছরের সাজাপ্রাপ্ত ১ জন, ছয় মাসের সাজাপ্রাপ্ত ১ জন, পরোয়ানাভুক্ত ১০ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪ জন রয়েছে।
চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিংড়ি ঘেরকেন্দ্রিক বিরোধ নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে এবং অপরাধ দমনে থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।