চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৫ লাখ ৮ হাজারের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তবে যে শিক্ষার্থীরা প্রত্যাশিত ফলাফল পাননি, তারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষার্থীরা আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। প্রয়োজনে সকল পত্রের জন্য আবেদন করা যাবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত।
এবার থেকে নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে নয়, বরং এই ওয়েবসাইটে প্রবেশ করে ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করতে হবে। ওয়েবসাইটে প্রবেশের পর নির্ধারিত স্থানে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপডাউন থেকে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
এরপর শিক্ষার্থীদের মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে সেই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।
এক বা একাধিক বিষয়ে পুনঃনিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারিত ১৫০ টাকা। দ্বিপত্র বিষয় (যেমন বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র) হলে উভয়পত্রের জন্য আলাদা আবেদন করতে হবে।
ফি পরিশোধের পর আবেদন পোর্টালে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার ফি পরিশোধ ও আবেদন জমা দেওয়ার পর, যদি আরও বিষয় যুক্ত করতে হয়, তবে একই প্রক্রিয়ায় করা যাবে। তবে এই ক্ষেত্রে নতুন মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন নেই।
ফি পরিশোধ বিকাশ, নগদ, সোনালি সেবা, ডিডিবিএল রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে করা যাবে। বিস্তারিত ধাপ ওয়েবসাইটের ‘হেল্প’ বাটন থেকে জানা যাবে।