জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ইনু ছাড়া বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়া অঞ্চলে জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড, অপহরণ ও নির্যাতনের ঘটনায় পৃথক দুটি মামলায় এই চারজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ বাকি তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
আদালত আগামী তারিখে মামলার সাক্ষ্যগ্রহণের প্রস্তুতি নিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছে।