দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৪৭০ টাকা। ফলে ২২ ক্যারেট সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানায়। বাজুসের ঘোষণা অনুযায়ী, নতুন দাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে এবং আজ রবিবার (২১ ডিসেম্বর)ও একই দামে দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার বা পিওর গোল্ডের দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৭ হাজার ২১১ টাকায়, ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।
বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপার ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।