তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে এবং আগামী সপ্তাহেই এ মামলার রায় ঘোষণা করা হবে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই তথ্য জানান।
মাহফুজ আলম বলেন, “আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম—বিচার শুরু করব—সেটা করতে পেরেছি। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে, একটি রায় হবে। এতে জুলাই শহীদ পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।”
তিনি আরও বলেন, “এখনও অনেকের বিচার ট্রাইব্যুনালে চলছে। যারা ছাত্র–জনতার ওপর গুম, খুন ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। পরবর্তী সরকার এ বিচার কার্যক্রম আরও এগিয়ে নেবে।”
দেশের চলমান সংস্কার উদ্যোগ প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, “আমরা সংস্কারকাজে অনেক দূর এগিয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে, যা বাংলাদেশের রাজনীতিতে বড় অর্জন। এর মধ্য দিয়ে আমরা নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছি।”
তিনি বলেন, “জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যৎ সরকার যদি এ কাজগুলো বাস্তবায়ন করতে পারে, তাহলে বাংলাদেশ হবে ক্ষমতার ভারসাম্যপূর্ণ, আইনের শাসন ও সুবিচারনির্ভর এক রাষ্ট্র, যেখানে আর কোনো গুম-খুনের সংস্কৃতি থাকবে না।”