বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “শহীদের রক্তের শপথ—বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবেই। দেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক, নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। ১৭ বছর ধরে মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকারের জন্য সংগ্রাম করেছে। স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে জনগণ হারানো ভোটাধিকার ফিরে পেয়েছে—এবার সেই ভোট প্রয়োগের সময়।”
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা স্টেশনে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়িত হবে।”
কৃষক–স্বাস্থ্য–সামাজিক নিরাপত্তায় বড় প্রতিশ্রুতি
সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি সরকার গঠন করলে কৃষকের জন্য কৃষি কার্ড চালু, ন্যায্যমূলে সার–বীজ সরবরাহ এবং সহজ শর্তে কৃষিঋণ দেওয়া হবে। দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে—“কোন মানুষ আর বিনা চিকিৎসায় মরবে না” বলে মন্তব্য করেন তিনি।
দরিদ্র পরিবারের জন্য পারিবারিক কার্ডের মাধ্যমে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেন তিনি।
সকাল ১১টা থেকে নিজ নির্বাচনী এলাকায় চতুর্থ দিনের মতো গণসংযোগ শুরু করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এ প্রার্থী। বিভিন্ন স্টেশনে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতিতে তাঁর পথসভাগুলো জনসমুদ্রে রূপ নেয়।
তিনি পথসভায় উপস্থিত সবার কাছে ধানের শীষে ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন—
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এডভোকেট হাসিনা আহমদ,
মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী,
সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী,
সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু,
সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ দলীয় নেতাকর্মীরা।
কোনাখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দুপুর থেকে তিনি পূর্ব বড় ভেওলা, শাহারবিল, পশ্চিম বড় ভেওলা, ঢেমুশিয়া ও বদরখালী ইউনিয়নে ধারাবাহিক গণসংযোগ ও একাধিক পথসভায় বক্তব্য রাখবেন।