গাজীপুরের শ্রীপুরে চলাচলের পথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ময়লা ফেলে উত্যক্ত করার প্রতিবাদ করায় মমিনুর রহমান (৬৬) নামে এক বৃদ্ধকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার লতিফপুর এলাকায় গত ১০ এপ্রিল সকালে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী মমিনুর রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— একই এলাকার মৃত মামুন আলীর ছেলে আকরাম (৬৮) এবং মফিজ উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (২০) সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীগণ দীর্ঘদিন ধরে মমিনুর রহমানের পরিবারের যাতায়াতের পথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলেন। পাশাপাশি পথের ওপর ময়লা-আর্বজনা ফেলে পরিবেশ নষ্ট করছিলেন। এসবের প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে মমিনুর রহমান ও তার পরিবারকে গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত **১০ এপ্রিল সকাল আনুমানিক ৮:৩০ ঘটিকায়** অভিযুক্তরা দা, লাঠি ও লোহার রড নিয়ে মমিনুর রহমানের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করলে মমিনুর রহমান প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১নং বিবাদী আকরাম মমিনুর রহমানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে তার বুকে সজোরে আঘাত করেন। একপর্যায়ে ২নং বিবাদী মোজাম্মেল হক তাকে গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এছাড়া বিবাদীরা বাদীর বাঁশঝাড় থেকে ৮-১০টি বাঁশ কেটে আর্থিক ক্ষতিসাধন করে।
পরবর্তীতে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে আসলে বিবাদীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় হুমকি দেয় যে, সুযোগমতো পেলে মমিনুর রহমান ও তার পরিবারকে খুন করা হবে এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হবে
গুরুতর আহত অবস্থায় মমিনুর রহমানকে প্রথমে স্থানীয়ভাবে এবং পরে **শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে** নিয়ে চিকিৎসা দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার জখমের পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেছেন।
ভুক্তভোগী মমিনুর রহমান বলেন, *”ওরা এলাকার প্রভাবশালী ও পরধনলোভী। আমার চলাচলের পথ বন্ধ করে আমাদের জিম্মি করতে চায়। আমি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও এই ন্যাক্কারজনক ঘটনার সু-বিচার প্রার্থনা করছি।”*
শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।