জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গত ১৬ বছরে শেখ হাসিনা মানুষের অধিকার হরণ করেছেন, গুম–খুন করেছেন। তার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে।”
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড় গোলচত্বরে এনসিপির লালমনিরহাট জেলা সমন্বয় কমিটি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেপ্তার না করে বিভিন্ন স্থানে পুনর্বাসনের চেষ্টা চলছে। এসব অপচেষ্টাকে গণ–অভ্যুত্থানবিরোধী হিসেবে প্রতিহত করতে হবে।”
নাহিদ ইসলাম বলেন, “আমাদের এই দল গঠনের প্রয়োজন ছিল না। কিন্তু জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করতেই এই দল গঠন করতে হয়েছে।”
তিনি তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশ ও লালমনিরহাটকে এগিয়ে নিতে আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে।”
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বক্তব্য দেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।
এর আগে কুড়িগ্রাম থেকে পদযাত্রা শুরু করে বড়বাড়ি, মহেন্দ্রনগর, ফায়ার ব্রিগেড রোড, গোশালা বাজার, রেলওয়ে বাজার, মোগলহাট রেলগেট, বিডিআর গেট, টিঅ্যান্ডটি মোড় হয়ে মিশন মোড়ে এসে পথসভা অনুষ্ঠিত হয়।