কক্সবাজারের রামু উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ডাম্পার ও একটি স্কেভেটর জব্দ করা হয়।
উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে প্রায় ৯০ হাজার ঘনফুট মাটি অবৈধভাবে কাটার সত্যতা পাওয়া যায়, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের পক্ষ থেকে বাদী হয়ে অজ্ঞাতনামা ১২ জনসহ মোট ২৩ জনকে আসামি করে রামু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন রামু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মুহুরী। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।
অভিযান চলাকালে ব্যবহৃত একটি ডাম্পার ও একটি স্কেভেটর জব্দ করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।