বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের ১৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী সব ধরনের অবসরকালীন সুবিধা পাবেন।
অবসরে পাঠানোদের মধ্যে রয়েছেন ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুল ইসলাম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিকসহ আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
এ ছাড়া বিভিন্ন ইউনিটে সংযুক্ত ও বদলিকৃত আরও কয়েকজন ডিআইজিও এই তালিকায় রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন পুলিশ অধিদপ্তর, এপিবিএন সদর দপ্তর, পুলিশ টেলিকম এবং পার্বত্য অঞ্চলের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।