জুলাই আন্দোলন নিয়ে দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া সব মামলার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলন সংক্রান্ত প্রতিটি মামলা ট্রাইব্যুনালের আওতায় এনে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
শনিবার (৯ মে) সকালে উত্তরায় শহিদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে গণশুনানি শেষে মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাস্থলও পরিদর্শন করেন।
চিফ প্রসিকিউটর জানান, দেশের সকল থানায় দ্রুতই আনুষ্ঠানিক চিঠি পাঠাবে প্রসিকিউশন বিভাগ। একই সঙ্গে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবারগুলোর জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।
গণশুনানিতে উপস্থিত জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, মামলার অনেক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তাদের গ্রেফতারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা আরও বলেন, যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এবং ভুক্তভোগীরা সঠিক বিচার পেতে পারেন।
চিফ প্রসিকিউটর বলেন, এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত প্রক্রিয়াকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।