উদীয়মান দক্ষিণ কোরিয়ান মডেল কিম জং সুক আর নেই। মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই প্রতিভাবান তারকা। তার অকাল মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে দক্ষিণ কোরিয়ার গ্ল্যামার দুনিয়া। (খবর: টাইমস অব ইন্ডিয়া)
গত ৪ জুন মৃত্যুবরণ করেন কিম জং সুক। তবে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর বিষয়টি দুই দিন পর নিশ্চিত করা হয়। কিমের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ তার ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে স্মৃতিচারণ আর আবেগঘন বার্তার জোয়ার।
জানা গেছে, কিমের মৃত্যুর খবর প্রথমে তার এক ঘনিষ্ঠ বন্ধু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। পরে আরেক বন্ধু একটি স্মৃতিসৌধের ছবি পোস্ট করে লেখেন:
“আমি এখনো বিশ্বাস করতে পারছি না… আশা করি এখন শান্তিতে আছো, কোনো ব্যথা ছাড়াই।”
এদিকে, কিম জং সুকের মৃত্যু ঘিরে ছড়িয়ে পড়েছে নানা গুজব।
দক্ষিণ কোরিয়ার গিওংগি-ডো প্রদেশের হানাম এলাকায় ঘটে যাওয়া একটি আত্মহত্যার ঘটনার সঙ্গে মিথ্যাভাবে জড়ানো হয় কিমের নাম। সেই ঘটনায় এক ২০ বছর বয়সী যুবক তার প্রেমিকাকে লাঞ্ছিত করার পর বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।
তবে কিমের সঙ্গে এই ঘটনার কোনো সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।
এই গুজবের জেরে কিমের পরিবার একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে। তাতে বলা হয়—
“অনুগ্রহ করে আমাদের এই দুঃসময়ে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে আমাদের যন্ত্রণা আরও বাড়াবেন না।”
কিমের বোন এক সোশ্যাল পোস্টে জানান, প্রয়োজনে তারা কিমের মৃত্যুর আগের শেষ কথোপকথন ও অফিসিয়াল পুলিশ রেকর্ড প্রকাশ করবেন। সেইসঙ্গে মিথ্যা তথ্য ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেন।
একজন উদীয়মান তারকার এমন আকস্মিক বিদায়ে শোক নেমে এসেছে কোরিয়ার ফ্যাশন ও বিনোদন অঙ্গনে।