রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী তিনি মামলার ২২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি প্রদান করবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সকাল থেকেই সাক্ষ্যগ্রহণ শুরু করবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আবু সাঈদ হত্যা মামলায় মোট ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ। মামলার বিভিন্ন ধাপে ইতোমধ্যে একাধিক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সর্বশেষ ২৭ নভেম্বর ২১ নম্বর সাক্ষীর জেরা শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
২৮ আগস্ট নিহত আবু সাঈদের বাবা মকবুল হোসেনের সাক্ষ্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। একই দিনে একজন সাংবাদিকও সাক্ষ্য দেন। এ মামলায় মোট ৬২ জনকে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
এর আগে ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গৃহীত হয় এবং ২৭ আগস্ট মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। যদিও ২৪ জন আসামি এখনো পলাতক, তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী শুনানি পরিচালনা করছেন। ৩০ জুন মামলার অভিযোগপত্র আমলে নেওয়া হয় এবং তার আগে ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয় তদন্ত সংস্থা। পরবর্তীতে ধাপে ধাপে আসামিদের পক্ষে পৃথক শুনানি অনুষ্ঠিত হয়।