নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ধোঁয়াশা তৈরি হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পর ভুক্তভোগী নারী ধর্ষণের অভিযোগ তোলেন।
হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা তিন সন্তানের জননী চিকিৎসা নিতে নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান। নোয়াখালী সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, প্রথমে তিনি মারামারির কথা বললেও পরে ধর্ষণের অভিযোগ করেন। তাকে গাইনী বিভাগে ভর্তি করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
ভুক্তভোগীর দাবি, শুক্রবার রাতে তিন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে স্বামীকে বেঁধে রাখে এবং তাদের একজন তাকে ধর্ষণ করে। তিনি অভিযোগ করেন, নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ায় এ হামলা চালানো হয়।
তবে প্রতিবেশীরা জানিয়েছেন, তারা এমন কোনো ঘটনা টের পাননি। অভিযুক্ত রহমান ধর্ষণের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
এ ঘটনায় ১১ দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসউদ হাতিয়াজুড়ে হামলা ও নির্যাতনের অভিযোগ তুলে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দুর বলেন, রাজনৈতিকভাবে হেয় করতে এমন প্রচারণা চালানো হচ্ছে।
নোয়াখালী হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার জানান, প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, বিষয়টি অতিরঞ্জিত প্রচারণা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।