ঢাকা: অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ আওয়ামী লীগের সকল অনলাইন কার্যক্রম বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক পেজ ও প্ল্যাটফর্ম নিষিদ্ধের আওতায় আসবে।
রবিবার (১১ মে) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্র জারির অপেক্ষায় আছি। পরিপত্র জারি হলেই বিটিআরসির মাধ্যমে মেটা ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে চিঠি পাঠানো হবে। আমরা আশা করছি, এতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”
বর্তমানে ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে দলটির একটি ভেরিফায়েড পেজ রয়েছে, যার অনুসারীর সংখ্যা প্রায় ৪০ লাখ। গতকাল শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পর, উক্ত পেজে প্রতিবাদমূলক পোস্ট দেওয়া হয় এবং পরে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়।
জুলাই ঐক্যের টানা আন্দোলনের মুখে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুধু অফলাইনে নয়, অনলাইনেও দলটির সকল প্রচার, যোগাযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ।
বিটিআরসি জানিয়েছে, সরকারিভাবে নির্দেশনা পেলেই তারা প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা ও তদারকি শুরু করবে।