1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’, ১৪ মে মুক্তি – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী আছে, যারা সমাজকে অস্থির রাখতে চায়: মির্জা ফখরুল আজ বিশ্ব গাধা দিবস জিয়াউর রহমানের মাজারে জাকসু ভিপি জিতুর শ্রদ্ধা নিবেদন বাসের আগাম টিকিট বিক্রি শুরু, অনলাইনে কেনার নিয়ম ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে: শিক্ষামন্ত্রী কলকাতায় অমিত শাহ, রাজ্য সরকার গঠনের তৎপরতা, কাল শপথ জ্বালানির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’, ১৪ মে মুক্তি বৃষ্টির মরদেহ দেশের পথে, শনিবার ঢাকায় পৌঁছাবে

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’, ১৪ মে মুক্তি

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ৮ মে, ২০২৬

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আবারও বিশ্বকাপের গানের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ তারকা শাকিরা। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের অফিশিয়াল থিম সং হিসেবে ঘোষণা করা হয়েছে ‘দাই দাই’। গানটির টিজার প্রকাশের মাধ্যমে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমী ও শাকিরাভক্তদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি হয়েছে। এবার শাকিরার সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়।

বৃহস্পতিবার (৮ মে) ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা একটি টিজার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন শাকিরা। ভিডিওতে দেখা যায়, আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর জাতীয় পতাকার রঙে সাজানো নৃত্যশিল্পীরা পরিবেশন করছেন দৃষ্টিনন্দন নৃত্য। টিজারে আরও নজর কাড়ে ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বলগুলোর উপস্থিতি, যা শাকিরার আগের বিশ্বকাপ সংগীতগুলোর স্মৃতিকে সম্মান জানাতে যুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গানটিতে ল্যাটিন পপ ও আফ্রো-বিটের ফিউশন থাকছে বলে জানা গেছে। শাকিরার জনপ্রিয় ছন্দ ও গায়কী এবার বার্না বয়ের সুরের সঙ্গে মিলিয়ে বিশ্বকাপের জন্য নতুন এক শক্তিশালী সংগীত অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে পূর্ণাঙ্গ থিম সং ‘দাই দাই’।

বিশ্বকাপের সংগীত ইতিহাসে শাকিরা বরাবরই অন্যতম আলোচিত নাম। ২০০৬ বিশ্বকাপে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০-এ ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪-এ ‘লা লা লা’ দিয়ে তিনি বিশ্বকাপকে সংগীতের মাধ্যমে নতুন মাত্রা দিয়েছিলেন। দীর্ঘ বিরতির পর এবার আবারও তার প্রত্যাবর্তন বিশ্বকাপের উত্তেজনায় বাড়তি গতি যোগ করেছে।

আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৪৮ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপকে ইতিহাসের অন্যতম বড় আসর হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপের আগে শাকিরা ও বার্না বয়ের এই থিম সংকে ঘিরে ফুটবল উন্মাদনা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park