অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পরিবর্তন করা পুলিশের পোশাক নিয়ে বাহিনীর ভেতরে তীব্র অসন্তোষ তৈরি হওয়ায় আবারও পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের বিরূপ প্রতিক্রিয়া এবং জনমতকে গুরুত্ব দিয়ে নতুন রঙের পোশাক নির্ধারণ করে ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’ সংশোধনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার পাঠানো প্রস্তাবনায় পুলিশের বিভিন্ন ইউনিটের জন্য নতুন রঙের সুপারিশ করা হয়েছে। এতে মেট্রোপলিটন পুলিশের শার্টের রং নির্ধারণ করা হয়েছে লাইট অলিভ এবং জেলা ও অন্যান্য পুলিশের শার্টের রং হবে ডিপ ব্লু। তবে সব ইউনিটের প্যান্টের রং হবে খাকি।
এই পরিবর্তনের আওতার বাইরে থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল পুলিশ ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি এবং র্যাব।
পুলিশ সদর দপ্তর গত ১৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে, বর্তমান ‘লৌহ’ রঙের শার্ট ও ‘কফি’ রঙের প্যান্ট চালু হওয়ার পর থেকেই মাঠ পর্যায়ের সদস্যদের মধ্যে অস্বস্তি ও বিরূপ মনোভাব তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল ও ব্যঙ্গের শিকার হওয়ায় অনেক পুলিশ সদস্য পেশাগতভাবে হীনম্মন্যতায় ভুগছিলেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পোশাকের সঙ্গে অন্যান্য কিছু সংস্থার ইউনিফর্মের মিল থাকায় সাধারণ মানুষের কাছে পুলিশকে আলাদাভাবে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছিল।
পুলিশ সদর দপ্তরের লজিস্টিক বিভাগের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম জানিয়েছেন, পোশাক পরিবর্তনের ফলে সরকারের অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না। কারণ পুলিশ সদস্যদের বাৎসরিক প্রাপ্যতার ভিত্তিতে নিয়মিত ইউনিফর্ম সরবরাহ করা হয়। প্রজ্ঞাপন জারি হলে পরবর্তী ইউনিফর্ম বিতরণে নতুন রঙের পোশাক দেওয়া হবে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের মতে, ২০০৩-২০০৪ সালে চালু হওয়া খাকি ও নীল রঙের ইউনিফর্মই বাংলাদেশের আবহাওয়া এবং গায়ের রঙের সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ ছিল। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের সময় দ্রুত নেওয়া সিদ্ধান্তে পুলিশ সদস্যদের মতামত উপেক্ষিত হয়েছিল। নির্বাচিত সরকারের আমলে আবার সেই ঐতিহ্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত চিঠিতে ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’-এর সংশ্লিষ্ট বিধিগুলো সংশোধনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। মন্ত্রণালয় বিধি সংশোধন ও প্রজ্ঞাপন জারি করলেই দ্রুত মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের গায়ে নতুন রঙের ইউনিফর্ম দেখা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।