ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে জাতীয় সংসদে অধিবেশন চলাকালে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে তারা সংসদ অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এটি চলমান অধিবেশনে বিরোধী জোটের চতুর্থ ওয়াকআউট বলে জানা গেছে।
সংসদ সূত্রে জানা যায়, বিশেষ কমিটির বৈঠকে হওয়া সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে জুলাই স্মৃতি জাদুঘর বিল সংশোধিত আকারে পাস করার প্রেক্ষাপটে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ বিতর্ক হয়। সেই বিতর্কের জের ধরেই বিরোধী দলীয় জোট ওয়াকআউটের ঘোষণা দিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যায়।
এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সংসদ পরিচালনায় স্পিকারের ভূমিকা পক্ষপাতদুষ্ট হয়ে উঠছে।
উল্লেখ্য, এর আগের দিনও ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল।