নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয় বলে অভিযোগ তুলেছেন আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বেসরকারি হাসপাতাল মালিকদের সংগঠন প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশন-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “পৃথিবীর কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য ডাক্তারদের আলাদা সময় বরাদ্দ থাকে? আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? নিজেদের কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন?”
ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য বিদেশ যেতে চায় না। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও নানা কারণে তারা ভারত বা থাইল্যান্ডের মতো দেশে চিকিৎসা নিতে বাধ্য হন। এর মূল কারণ ডাক্তারদের অপ্রয়োজনীয় পরীক্ষা লেখা, রোগীর কথা মনোযোগ দিয়ে না শোনা এবং চিকিৎসক-নার্সদের অমানবিক আচরণ।
তিনি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, “ওষুধ কোম্পানির স্বার্থে নয়, রোগীর স্বার্থে প্রেসক্রিপশন লিখুন।”
নার্সদের কম বেতন প্রসঙ্গেও তিনি হাসপাতাল মালিকদের সমালোচনা করেন। তিনি বলেন, “একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পান, তবে তিনি কীভাবে মেজাজ ঠিক রেখে মানসম্মত সেবা দেবেন? তাই মালিকরা যদি সামান্য কম মুনাফা করেন, তবে সেবার মান বাড়ানো সম্ভব।”
তিনি আরও বলেন, বাংলাদেশের চিকিৎসা সেবার সক্ষমতা আছে, তাই বিদেশমুখী না হয়ে মানুষ যেন দেশে আস্থা পায়— সেই পরিবেশ তৈরি করতে হবে।