লা লিগায় নিজেদের ২৯তম শিরোপার আরও কাছাকাছি পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ওসাসুনার মাঠে নাটকীয় শেষ দশ মিনিটে দুই গোল করে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের সামনে কঠিন সমীকরণ তৈরি করেছে হান্সি ফ্লিকের দল।
শনিবার এল সাদার স্টেডিয়ামে দীর্ঘ সময় গোলশূন্য লড়াই চলার পর ম্যাচের শেষ দিকে জ্বলে ওঠে বার্সা। শেষ দশ মিনিটে রবার্ট লেভানডোভস্কি ও ফেরান তোরেসের গোলে জয় নিশ্চিত করে তারা।
এই জয়ে চার ম্যাচ হাতে রেখে বার্সেলোনার সংগ্রহ দাঁড়িয়েছে ৮৮ পয়েন্টে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ১৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে। ফলে আজ এসপানিওলের বিপক্ষে রিয়াল জয় না পেলেই টানা দ্বিতীয়বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা।
ম্যাচ শেষে ফেরান তোরেস বলেন, রিয়াল মাদ্রিদের ওপর চাপ সৃষ্টি করাই ছিল তাদের লক্ষ্য। তিনি বলেন, এই মাঠে জয় পাওয়া খুব কঠিন ছিল এবং এই তিন পয়েন্ট বার্সেলোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে রিয়াল মাদ্রিদ যদি আজ এসপানিওলকে হারাতে পারে, তাহলে পয়েন্ট ব্যবধান ১১-তে নেমে আসবে। সে ক্ষেত্রে লা লিগার শিরোপা নির্ধারণের মঞ্চ হয়ে উঠতে পারে বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকো।
আগামী ১১ মে ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।