দলের বহিষ্কারের ভিত্তিতেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য (এমপি) পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, প্রচলিত আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য নিজে দল থেকে পদত্যাগ করলে তার এমপি পদ শূন্য হওয়ার বিষয়টি প্রযোজ্য হতে পারে। তবে দল থেকে বহিষ্কার করা হলে শুধু সেই কারণে সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের পদ শূন্য হওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, জাতীয় সংসদের স্পিকারের কার্যালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার পর বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
সাক্ষাৎকারে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, নির্বাচন কমিশন ও সরকারের মধ্যে কোনো দূরত্ব নেই। কমিশন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায়।
তিনি আরও জানান, আগামী অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে আবহাওয়া, সরকারি পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া হবে।