জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাসের জন্য সংসদে উত্থাপনের প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধী দল।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল উত্থাপনের জন্য আইনমন্ত্রী আসাদুজ্জামানকে আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বিল উত্থাপনে আপত্তি জানানোর সুযোগ নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, এমন দুর্বল আইনের পাসের অংশীদার তারা হতে চান না। এ কারণে বিলের আলোচনায় অংশ না নিয়ে তারা ওয়াকআউট করছেন।
এ সময় অধিবেশনে সভাপতিত্বকারী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধীদলীয় নেতার ওয়াকআউটের সিদ্ধান্তের প্রতি ‘ধন্যবাদ’ জানান।
পরে জাতীয় মানবাধিকার কমিশন বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এরপর গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাসের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তা উত্থাপন করবেন বলে জানানো হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে বিল দুটি অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, এর আগে সরকারি দলের পক্ষ থেকে বিলগুলো বাতিলের সময় বলা হয়েছিল, আরও শক্তিশালী ও কার্যকর আইন আনা হবে। কিন্তু বর্তমান মানবাধিকার কমিশন বিলে আইনের দ্বৈত প্রয়োগের সুযোগ রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, মানবাধিকার কমিশনকে সবার জন্য সমানভাবে প্রয়োগযোগ্য একটি অভিন্ন কর্তৃত্ব দেওয়া হয়নি। সাধারণ কোনো নাগরিক মানবাধিকার লঙ্ঘন করলে কমিশন সরাসরি তদন্ত করতে পারবে। কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে বিশেষ বিধান রাখা হয়েছে।
শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরাও এ দেশের নাগরিক এবং একই অপরাধের ক্ষেত্রে আইনের প্রয়োগ সবার জন্য সমান হওয়া উচিত। একই অপরাধে একজনের বিরুদ্ধে সরাসরি তদন্ত করা যাবে, অথচ অন্য ক্ষেত্রে তা বাধাগ্রস্ত হবে—এটি গ্রহণযোগ্য নয়।