স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন আগামী রোববার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন। শুক্রবার (২৪ জুলাই) তার পরিবারের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের ওই সদস্য জানান, সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বঙ্গভবন ছাড়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বঙ্গভবন ত্যাগের পর তিনি পরিবারসহ রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন।
এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিশ্চিত করেন যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল ৫টা ১ মিনিটে তার কাছে জমা দেওয়া হয়েছে এবং তিনি তা গ্রহণ করেছেন।
জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আরও জানান, গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে শারীরিক ও মানসিকভাবে অক্ষম হয়ে পড়ায় পদত্যাগ করেছেন।
স্পিকারের ভাষ্য অনুযায়ী, মো. সাহাবুদ্দিন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে। পদত্যাগপত্রেও তিনি নিজের স্বাস্থ্যগত অবস্থার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালীন ভূমিকার বিষয়েও তিনি বক্তব্য তুলে ধরেছেন।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকেই তার পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন একাধিক কর্মসূচি পালন করে আসছিল।