রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিক সুযোগ রয়েছে, তবে এ বিষয়ে কিছু জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৭
রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিক সুযোগ রয়েছে, তবে এ বিষয়ে কিছু জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে, কিংবা স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদ ছাড়তে চাইলে সেই সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি কিছু জানেন না বলেও মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কক্সবাজারের উন্নয়নসংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে গুঞ্জনের খবর প্রকাশিত হয়েছে, তিনি সেসবের মাধ্যমেই বিষয়টি জেনেছেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি কিছুদিন আগে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। অসুস্থ হলে চিকিৎসা নেওয়া স্বাভাবিক বিষয়। তবে এ বিষয়ে প্রচারিত কথিত ফোনালাপ সম্পর্কে তার কোনো তথ্য জানা নেই।

রাষ্ট্রপতি শারীরিক অবস্থার কথা উল্লেখ করে সরকারকে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সরকারকে জানানোর বিষয় নয়। রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে চান, তাহলে সংবিধান অনুযায়ী সেই সুযোগ তার রয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। এর বাইরে এ বিষয়ে তার আর কোনো তথ্য জানা নেই।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য