দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাওয়ার কথা রয়েছে তাঁর। সফরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি।
সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি। বেলা ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে হেলিকপ্টার অবতরণের পর তিনি সার্কিট হাউসে যাবেন। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে।
এরপর শহরের সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে বাবা সাবেক মন্ত্রী প্রয়াত মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরে তিনি কালীবাড়িতে নিজ বাসভবনে যাবেন।
দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। প্রথম দিনের কর্মসূচি শেষে রাতে নিজ বাসভবনেই অবস্থান করবেন রাষ্ট্রপতি।
সফরের দ্বিতীয় দিনে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নিজ বাসভবন ও সার্কিট হাউসে যাবেন তিনি। পরে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।