রাষ্ট্র মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। গত ৩০ জুন ২০২৬-এর হিসাব অনুযায়ী খেলাপি ঋণের এ তথ্য দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী জানান, রাষ্ট্র মালিকানাধীন ছয়টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা।
সংসদে দেওয়া তথ্যমতে, অগ্রণী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির খেলাপি ঋণ ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা এবং বেসিক ব্যাংক পিএলসির খেলাপি ঋণ ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকা।
এ ছাড়া রূপালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা এবং সোনালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণ ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা।
সংসদ সদস্য মো. আব্দুল আলীম দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বর্তমান খেলাপি ঋণের পরিমাণ এবং ব্যাংকভিত্তিক হিসাব জানতে চান। জবাবে অর্থমন্ত্রী ছয়টি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের সর্বশেষ হিসাব তুলে ধরেন।
রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণের এই পরিমাণ গত ৩০ জুন ২০২৬ ভিত্তিক হিসাব অনুযায়ী বলে সংসদে জানান অর্থমন্ত্রী।