ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় যাচাইয়ের আহ্বান র‍্যাবের

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৪
ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় যাচাইয়ের আহ্বান র‍্যাবের


রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধ প্রতিরোধে প্লট বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার পরিচয় ও তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছে র‍্যাব। একই সঙ্গে ডিএমপির নির্ধারিত ভাড়াটিয়া তথ্য ফরম পূরণের নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) র‍্যাব-২ অধিনায়কের কার্যালয়ে স্থানীয় সুধীজন ও বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।


সভায় র‍্যাব-২-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, প্লট বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে অবশ্যই ভাড়াটিয়ার পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করতে হবে। অপরাধ নির্মূলে প্লট মালিক, ফ্ল্যাট মালিক ও হাউজিং সোসাইটির সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।


তিনি বলেন, মোহাম্মদপুর এলাকার বিভিন্ন হাউজিংয়ে খালি প্লট ভাড়া দেওয়ার পর সেখানে অস্থায়ী ঘর নির্মাণ করে অনেক সময় যাচাই-বাছাই ছাড়াই শ্রমজীবী মানুষের কাছে ভাড়া দেওয়া হয়। এ ধরনের স্থানে শ্রমজীবীর পরিচয়ের আড়ালে অপরাধীরা আশ্রয় নিয়ে এলাকায় অপরাধপ্রবণতা সৃষ্টি এবং মাদকের বিস্তার ঘটাতে পারে।


হাসান মুহাম্মদ মুহতারিম আরও বলেন, কোনো প্লটে অননুমোদিতভাবে বসবাসকারী কেউ অপরাধে জড়িয়ে পড়লে কিংবা সেখানে অবৈধ কোনো পণ্য মজুত করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি প্লট বা ফ্ল্যাট মালিকেরও দায় তৈরি হতে পারে।


সভায় উপস্থিত বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিরা র‍্যাবের আহ্বানের সঙ্গে একমত পোষণ করেন এবং অপরাধ দমনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


এ ছাড়া অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য র‍্যাব-২-এর হটলাইনে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য