যশোরে ফেসবুকে ‘বিদায় পৃথিবী’ লিখে স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যা করেছেন স্থানীয় দৈনসুবর্ণভূমি–এর স্টাফ রিপোর্টার ও স্যাটেলাইট চ্যানেল গ্রিন টেলিভিশন–এর যশোর জেলা প্রতিনিধি সাকিন হোসেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তরফ নওপাড়া এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পারিবারিক নানা সমস্যায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সাকিন হোসেন। এসব সমস্যার জের ধরে বৃহস্পতিবার রাতে নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘বিদায় পৃথিবী’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।
যদি আপনার পরিচিত কেউ আত্মহত্যার ইঙ্গিত দেন বা এমন আচরণ করেন, সেটিকে গুরুত্বের সঙ্গে নিন। তার পাশে থাকুন, পরিবারের সদস্যদের জানান এবং দ্রুত মানসিক স্বাস্থ্যসেবা বা জরুরি চিকিৎসা সহায়তা নেওয়ার চেষ্টা করুন।