সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক নির্বাচনী অঙ্গীকার ‘বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ও বাস্তবায়নকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী বৃহৎ পরিসরের এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও করণীয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়-এ অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।
বৈঠকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে মাঠপর্যায় থেকে শুরু করে বিভিন্ন কর্মপর্যায়ে জলবায়ু সচেতনতা ও পরিবেশ সুরক্ষাবিষয়ক বার্তা কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং সেগুলোর বাস্তবায়ন কৌশলও পর্যালোচনা করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসূচির বাস্তবায়ন, সমন্বয় ও জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সরকারের এই কর্মসূচির লক্ষ্য পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং দেশের বনজ সম্পদ সমৃদ্ধ করা। এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে।