1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
স্বপ্নযাত্রার নতুন অধ্যায়: রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারী সদর হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা: সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ সিএনজি বন্ধের দাবিতে সুন্দরগঞ্জে মোটর শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিপন্ন উদ্ভিদ সংরক্ষণে জাবিতে ‘অভয়ারণ্য’র বৃক্ষরোপণ কর্মসূচি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৪৩৫ শিশু স্বপ্নযাত্রার নতুন অধ্যায়: রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২০ জন্মদিনে সেঞ্চুরির স্বপ্ন ভাঙল, ৭১ রানে থামলেন মুশফিক জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ছলচাতুরী করছে: নাহিদ ইসলাম

স্বপ্নযাত্রার নতুন অধ্যায়: রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

রুয়েট প্রতিনিধি
  • প্রকাশ শনিবার, ৯ মে, ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ ও পরিচিতিমূলক আয়োজন সম্পন্ন হয়েছে উৎসবমুখর পরিবেশে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (৯ মে) সকাল থেকে ধাপে ধাপে অনুষ্ঠিত এ নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অন্তর্ভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকালে পুরকৌশল অনুষদ, পরবর্তীতে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদ এবং শেষে যন্ত্রকৌশল অনুষদের নবাগত শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে পরিজ্ঞান সভা ও দিকনির্দেশনামূলক কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা।

নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক বলেন,
“রুয়েট একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়, যার শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছে। আজ তোমরা জীবনের নতুন এক অধ্যায়ে পদার্পণ করলে। আমি আশা করি, পড়াশোনার পাশাপাশি তোমরা মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণে নিজেদের সমৃদ্ধ করবে। আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে তোমাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তোমাদের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

সভাপতির বক্তব্যে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন,
“আজ থেকে তোমরা রুয়েট পরিবারের সদস্য। বিশ্ববিদ্যালয় জীবন একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, আর এই পথচলাকে সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব করে তোলাই ছাত্রকল্যাণ দপ্তরের অন্যতম দায়িত্ব। ক্যাম্পাসে র‌্যাগিং ও বুলিংবিরোধী নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমাসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি বিশ্বাস করি, তোমরা একদিন দক্ষ প্রকৌশলী হিসেবে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনে শৃঙ্খলা, একাডেমিক উৎকর্ষ, গবেষণা, নৈতিক মূল্যবোধ, সহশিক্ষা কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি র‌্যাগিং, বুলিং ও যেকোনো ধরনের অপ্রীতিকর আচরণের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়েও নবীন শিক্ষার্থীদের অবহিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, আবাসন সুবিধা, ক্যাম্পাস আধুনিকায়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হয়।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে তড়িৎ ও টেলিযোগাযোগ কৌশল (ইটিই) বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থী আলমাস হোসেন আদিব বলেন,
“আমার বাড়ি ঠাকুরগাঁওয়ে। ভর্তি পরীক্ষার পুরো প্রস্তুতিটাই আমি গ্রামের বাসা থেকে নিজ উদ্যোগে সম্পন্ন করেছি। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে গেছি। রুয়েটে ভর্তি হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। আমি আশা করি, এখানে শিক্ষক-শিক্ষার্থী এবং সিনিয়র-জুনিয়রদের মধ্যে একটি আন্তরিক ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। আমরা সবাই একসঙ্গে শেখার ও এগিয়ে যাওয়ার মাধ্যমে রুয়েটকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করব।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১০ মে থেকে প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবীন শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park