জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন ইস্যুতে বিএনপি ছলচাতুরী করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান এখনো স্পষ্ট নয়, ফলে দেশে এক ধরনের রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।
শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে সংস্কারের অচলাবস্থা ও করণীয় নিয়ে এনসিপির আয়োজিত সংলাপে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সরকার এখনো পরিষ্কার অবস্থান নেয়নি এবং এক ধরনের কৌশলী অবস্থান বজায় রাখছে। তার অভিযোগ, সরকার বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবে, কিন্তু কবে, কীভাবে এবং কতদিনের মধ্যে তা বাস্তবায়ন হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়নি। তিনি এই অবস্থানকে ছলচাতুরী হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে একটি অচলাবস্থা সৃষ্টি হয়েছে এবং এই অচলাবস্থা থেকে বের হয়ে আসতে সরকারকে দায়িত্ব নিতে হবে। তবে এনসিপিও তাদের অবস্থান থেকে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে আলোচনার সুযোগ সীমিত হয়ে গেলে শান্তিপূর্ণ আন্দোলনের পথ আরও কঠিন হতে পারে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আন্দোলন কতটা কঠিন হবে তা নির্ভর করবে সরকার কীভাবে সাড়া দেয় তার ওপর।
সংলাপে তিনি আরও উল্লেখ করেন, প্রাতিষ্ঠানিক সংস্কার না হওয়ায় দেশের মানুষ এখনো কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, মানবাধিকার পরিস্থিতিরও তেমন উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেন তিনি। এছাড়া রাজনৈতিক অঙ্গনে এখনো অবিশ্বাস ও অনিশ্চয়তা বিরাজ করছে বলেও উল্লেখ করেন এনসিপির এই নেতা।