ডিজিটাল যুগে যখন নতুন প্রজন্ম মোবাইল ফোন ও অনলাইন জগতে বেশি সময় কাটাচ্ছে, ঠিক তখনই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সামনে এসেছেন তরুণ সমাজসেবী সাইফুল ইসলাম মোবারক। তিনি বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের জন্য আয়োজন করছেন মজার, শিক্ষামূলক ও শারীরিক বিকাশমূলক খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা এবং নানা বিনোদনধর্মী কার্যক্রম।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঠমুখী করা, তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা, দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরা।
খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের করা হয় বিভিন্ন জ্ঞানভিত্তিক প্রশ্ন, যাতে তারা নতুন নতুন তথ্য জানতে পারে এবং তাদের সাধারণ জ্ঞান বৃদ্ধি পায়। এতে শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ, আনন্দ ও আগ্রহ। তারা জানিয়েছে, এমন আয়োজন তাদের খুব ভালো লাগে এবং ভবিষ্যতেও অংশ নিতে চায়।
উদ্যোক্তা সাইফুল ইসলাম মোবারক জানান, গত এক বছর ধরে তিনি শিক্ষার্থীদের নিয়ে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে আরও বেশি স্কুলে গিয়ে এ ধরনের আয়োজন চালিয়ে যেতে চান তিনি।
তিনি “Mr. Explorer” নামের নিজের পেইজে এসব কার্যক্রমের ভিডিও ও কনটেন্ট নিয়মিত আপলোড করে থাকেন।
সাইফুল ইসলাম মোবারকের বাড়ি ২নং চরবংশী এলাকায়। তিনি বর্তমানে আবদুল হক মেমোরিয়াল কলেজে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
সাইফুলের স্বপ্ন, ভবিষ্যতে আরও বড় পরিসরে শিক্ষার্থী, গরিব ও অসহায় মানুষের জন্য কাজ করা।