বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, উজিরপুর উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাফিন খন্দকার রাহাতকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
একই এলাকায় মৎস্য ঘেরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ৪ এপ্রিল রাতে উপজেলার পটিবাড়ি এলাকায় ঘের দখলকে কেন্দ্র করে মোঃ রাফিন খন্দকার রাহাত, মোঃ জাকির খন্দকার ও জাহাঙ্গীর আহমেদ জহিরের পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনার পরদিন, ৫ এপ্রিল সন্ধ্যায় সাতলা মুড়িবাড়ি বাজারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাফিন খন্দকার রাহাত দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, লুটতরাজ এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। এসব কারণে স্থানীয়রা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের পাশাপাশি যুবদল ও বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।