ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ছিলেন বাসটির চালক। সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার ভালুকজান এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আলম এশিয়া পরিবহনের বাসটি ফিলিং স্টেশনের সামনে পার্ক করে রাখা ছিল। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন জুলহাস মিয়া (৪০)। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা তিনজন ব্যক্তি দ্রুত এসে মাত্র তিন সেকেন্ডের মধ্যে বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুনে ঘুমন্ত জুলহাস আটকা পড়ে পুড়ে মারা যান।
ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যাচ্ছে ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। নিহত ব্যক্তি বাসটির চালক ছিলেন বলেই ধারণা করছি।”
ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইনস্পেক্টর ইয়াসিন ইকবাল জানান, রাত সোয়া তিনটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তল্লাশি চালিয়ে সিট থেকে এক ব্যক্তির সম্পূর্ণভাবে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি বাসের চালক জুলহাস মিয়া, যিনি আগুন লাগার সময় সিটে ঘুমিয়ে ছিলেন।