ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৭ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসির জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, সেদিন সকালে ইসির সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনাসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। বিকেলে নারী নেত্রীদের সঙ্গে আরেক দফা বৈঠক হবে। এতে প্রায় ৪০ জন নারী নেত্রী তাদের মতামত ও পরামর্শ দেবেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর গণমাধ্যমসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের সঙ্গেও ধাপে ধাপে আলোচনা চালাবে ইসি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংলাপে যে মতামত ও প্রস্তাব আসবে, কমিশন সেগুলো বাস্তবায়নে উদ্যোগ নেবে।