বরিশাল প্রতিনিধি :বরিশাল শহরের রুপাতলী এলাকার সোনারগাঁও টেক্সটাইল মিলে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিলের ইউনিট-৩ ভবনের একটি তুলা লেনে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ওপরের একটি তুলা লেনে হঠাৎ করেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। আগুনের তীব্রতা দেখে শ্রমিক-কর্মচারীরা তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি ও হাইপ্রেশার ব্লোয়ার ব্যবহার করে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশনসহ আশপাশের ইউনিটগুলো একযোগে কাজ করে।
ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশন অফিসার রবিউল আলম জানান, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাঁচটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনের উৎস সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বৈদ্যুতিক গোলযোগ থেকে ঘটতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
এ ঘটনায় মিলের কিছু যন্ত্রপাতি ও কাঁচামালের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি।