আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের চারটি বিভাগে ভারি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে। এদিনও রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।