বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আগামী ১১ নভেম্বরের মধ্যে তাদের পাঁচ দফা দাবি মানা না হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মিয়া গোলাম পরওয়ার বলেন, “বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠকের সময় প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের সঙ্গে দেখা করেন। তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে এবং আমাদের দাবিসহ পুরো বক্তব্য জানানো হয়েছে। ১১ তারিখ পর্যন্ত আলটিমেটাম, না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে।”
এর আগে দুপুর পৌনে ১টার দিকে তারা যমুনায় পৌঁছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় আদিলুর রহমান খান বলেন, “সরকার রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে যদি দলগুলো সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়, সরকার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে।”
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আট দলের নেতাকর্মীরা পল্টন মোড়ে জমায়েত হন এবং পরে মিছিলসহ যমুনার দিকে পদযাত্রা করেন।
জামায়াতসহ আট দলের প্রধান দাবিগুলো হলো—
১. নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করা।
২. অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করা।
৩. নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা।
৫. রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।