রাজধানীর কড়াইল বস্তিতে আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
জানা গেছে, দেশের নিম্নআয়ের মানুষের জন্য সরকারের এই বিশেষ কর্মসূচির অংশ হিসেবে কড়াইল বস্তিতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে। এর মাধ্যমে নির্ধারিত পরিবারগুলো বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষা ও সহায়তা সুবিধা পাবে।
এর আগে প্রধানমন্ত্রীর ১০ মার্চ বগুড়ায় গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে সেই সফর স্থগিত করা হয়।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান সাংবাদিকদের জানান, উপনির্বাচন সামনে থাকায় নির্বাচনী বিধি মেনে প্রধানমন্ত্রীর ওই সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরে নতুন তারিখ ঘোষণা করা হবে।
সরকারের এই ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের পরিবারগুলোকে খাদ্যসহ বিভিন্ন সহায়তা আরও সহজভাবে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।