মেসেজিংয়ের পাশাপাশি এখন সরাসরি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে টাকা পাঠানো ও গ্রহণ করা সম্ভব হবে। নতুন এই ফিচারের নাম ‘হোয়াটসঅ্যাপ পে’। এর মাধ্যমে কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই পরিচিত যেকোনো ব্যক্তিকে সহজেই টাকা লেনদেন করা যাবে।
হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে হলে প্রথমে সেটিংস মেনুতে গিয়ে ‘Payments’ অপশন নির্বাচন করে ব্যাংক অ্যাকাউন্টকে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) সিস্টেমের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর ইউপিআই আইডি এবং পিন সেট করলেই অ্যাকাউন্ট প্রস্তুত। টাকা পাঠাতে চাইলে প্রাপকের চ্যাট খুলে অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করে ‘Payment’ অপশন বেছে নিতে হবে। টাকার পরিমাণ লিখে ইউপিআই পিন দিলেই লেনদেন সম্পন্ন হবে। টাকা গ্রহণের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং অর্থ সরাসরি প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
নিরাপত্তার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ পে অত্যন্ত সুরক্ষিত বলে জানানো হয়েছে। প্রতিটি লেনদেনে ব্যক্তিগত ইউপিআই পিন প্রয়োজন হবে এবং মেসেজের মতো সব লেনদেনও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে।
ভারতে পরীক্ষামূলকভাবে চালুর পর ইতিমধ্যেই ১০ কোটিরও বেশি ব্যবহারকারী এই সেবা নিয়েছেন। সম্প্রতি ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) সীমাবদ্ধতা তুলে নেওয়ায় এখন আরও বেশি মানুষ এই ফিচার ব্যবহার করতে পারছেন।