সৌদি আরবে এক সপ্তাহের অভিযানে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে গত ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশটির বিভিন্ন প্রান্তে এই অভিযান পরিচালনা করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আবাসন আইন ভঙ্গের অভিযোগে ১৩ হাজার ৫৫১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে চার হাজার ৬৬৫ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে চার হাজার ছয়জন রয়েছেন।
গ্রেপ্তারদের মধ্যে ২০ হাজার প্রবাসীকে দেশে ফেরত পাঠানোর আগে তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনের মাধ্যমে ভ্রমণের নথি সংগ্রহে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৯২০ জনকে সৌদি থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় আটক হয়েছেন এক হাজার ৭৮৬ জন। একই সময়ে প্রবাসী আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া ও পরিবহনের অভিযোগে সৌদিতে বসবাসরত ১৮ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে দেশটিতে ২৫ হাজার ৯২১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ২৩ হাজার ৪১৯ জন পুরুষ এবং দুই হাজার ৫০২ জন নারী।
উল্লেখ্য, প্রায় তিন কোটি ৪৮ লাখ মানুষের বসবাস করা সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের লাখো অভিবাসী শ্রমিক কর্মরত আছেন। (সূত্র: গালফ নিউজ)