সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলায় পৃথক অভিযানে ২৩টি ভারতীয় চোরাই গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, ৪ সেপ্টেম্বর বিকেলে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী এলাকায় মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করা হয়। মাটিরাবন বিওপি সীমান্ত পিলার ১১৮৯/৭-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের ভেতরে এসব গরু পাওয়া যায়। আটককৃত গরুর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬০ হাজার টাকা।
অন্যদিকে, শুক্রবার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনীতে মালিকবিহীন অবস্থায় ১৫টি ভারতীয় গরু আটক করে বাঁশতলা বিওপি। সীমান্ত পিলার ১২৩৩/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এসব গরু আটক করা হয়। এদের সিজার মূল্য ধরা হয়েছে ২০ লাখ ৯০ হাজার টাকা।
মোট ২৩টি গরুর সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ২৬ লাখ ৫০ হাজার টাকা।
এ প্রসঙ্গে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।