রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও নানা ধরনের সামগ্রী উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার সকালে ‘ডক্টর ইংলিশ’ নামের ওই কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। এরপর বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল।
অভিযানে উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলবার, একটি কার্তুজ, তিন বক্স এয়ারগান শিশা, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও মাদকদ্রব্য। সেনা সূত্রে এ তথ্য জানা গেলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছেন, সেনাবাহিনীর অভিযানের বিষয়ে পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সেনারা যদি উদ্ধারকৃত সামগ্রী পুলিশের কাছে হস্তান্তর করে, তখন বিস্তারিত তথ্য জানানো হবে।
অভিযানের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা কোচিং সেন্টারের ভেতরে এমন বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক থাকার খবর পেয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন।