মেট্রো রেল স্টেশন এলাকা ও ট্রেনের অভ্যন্তরে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রো রেল স্টেশন, প্ল্যাটফর্ম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথ এবং ট্রেনের ভেতরে পূর্বানুমতি ছাড়া যেকোনো ধরনের ভিডিও ধারণ বা প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
বিশেষ করে ইউটিউব কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য শর্ট ভিডিও তৈরি, লাইভ স্ট্রিমিং এবং বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি ও শুটিংয়ের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে স্পষ্ট করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, অনুমতি ছাড়া কেউ এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রো রেল এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং বা ফটোগ্রাফি করতে হলে ‘বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করতে হবে। নির্ধারিত প্রক্রিয়ায় আগে থেকেই কর্তৃপক্ষের কাছে আবেদন করে অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।