রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে আরও কয়েকটি ইউনিট যুক্ত হয়। সর্বশেষ খবর অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে, তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ ঘটনায় আহত তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন—মো. সোহেল সরদার (৩৭), মো. মামুন (৩৫) ও মো. সুরুজ্জামান। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে সুরুজ্জামানের দেহের ২ শতাংশ পুড়েছে, অন্য দুইজন ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রিন্টিং কারখানার সঙ্গে থাকা কেমিক্যাল গোডাউনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। উদ্ধার তৎপরতা ও আগুন নিয়ন্ত্রণের কাজ এখনও চলছে।