1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে সাকিব -নাঈমুর রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু, আদালতে হাজির দুই আসামি অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট ও অতিরিক্ত ফোর্স  মোতায়েন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এরইমধ্যে জমে উঠেছে ভোটকেন্দ্র। কোনো কোনো অঙ্গরাজ্যে দেখা গিয়েছে ভোটারদের লাইন। ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের মধ্য থেকে নিজের পছন্দের প্রার্থীকে দিচ্ছেন ভোট। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে দেশটির পূর্ব উপকূলের অঞ্চলগুলোতে শুরু হয়ে এই ভোটগ্রহণ। যদিও ইতোমধ্যে আট কোটি ২০ লাখ ভোটার তাদের আগাম ভোট প্রদান করে ফেলেছেন। খবর এএফপির।দুই প্রার্থীই এবার তাদের সমর্থকদের ভোট দিতে উদ্বুদ্ধ করতে ছিলেন ভীষণভাবে মরিয়া। নিজেদের জয়কে নিশ্চিত করতে দুজনই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর প্রতি এবার আলাদাভাবে নজর দিয়েছেন। তাই চূড়ান্ত ফলাফলে এবার দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ইলেকটোরাল কলেজ ভোট প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে সিদ্ধান্ত প্রদানকারী হিসেবে আবির্ভূত হয়েছে।

নির্বাচনি প্রচারণার সময় বিভিন্ন ঘটনায় ভীষণভাবে আলোড়িত হয় দুই দলের শিবির। প্রার্থীতার মঞ্চ থেকে জো বাইডেনের প্রস্থান এবং কমলা হ্যারিসের আবির্ভাব থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের ওপর আততায়ীর হামলা এবং তাকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করা—এরকম টানটান উত্তেজনায় টালমাটাল ছিল পুরো যুক্তরাষ্ট্র।আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর ৬টায় (গ্রিনিচ মান সময় ১১টা) ভোটগ্রহণ শুরু হয় ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা এবং নিউইয়র্কে। এসব এলাকায় এক কোটিরও বেশি ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

কখন মিলবে ফল

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এসব তথ্যের পাশাপাশি বলছে, নির্বাচনের ফলাফল প্রকাশে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে নির্বাচনের দিন রাতেই বা পরদিন ভোরে। কিন্তু এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে বেশ কিছু রাজ্যের ফলাফল পেতে যতটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে তার চাইতেও বেশি সময় লাগতে পারে।

ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবারের নির্বাচনে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতায় মেতে উঠেছেন, গত কয়েক সপ্তাহের জরিপ সেকথাই বলছে। হাড্ডাহাড্ডি লড়াই হলে কোথাও কোথাও পুনরায় গণনার বিষয়টিও এসে যায়। উদাহরণ হিসেবে বলা যায় সুইং স্টেট পেনসিলভানিয়ায় ভোট গণনায় যদি আধা শতাংশের কম ব্যবধান হয়, তবে পুনরায় গণনার প্রয়োজনীয়তা দেখা দেবে। ২০২০ সালে নির্বাচনে এই রাজ্যটিতে বিজয়ী ও হেরে যাওয়া প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল এক দশমিক এক শতাংশ।এ ছাড়া পূর্বের ইতিহাস বলছে, আইনি লড়াইয়ের বিষয়টি থেকে যায়। ইতোমধ্যে রিপাবলিকান দলের পক্ষে ১০০টিরও বেশি নির্বাচনি অভিযোগ দায়ের করে রাখা হয়েছে। এসব অভিযোগের মধ্যে ভোটার হওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলার মতো বিষয় রয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে কোনো অঘটন ঘটলেও ফলাফল প্রকাশে দেরি হতে পারে। এ ছাড়া ভোট গণনার কাজেও সময় লাগতে পারে।

২০২০ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেলগুলো জো বাইডেনকে নির্বাচিত ঘোষণা করতে সময় নিয়েছিল চার দিন। সে সময় পেনসিলভানিয়ার ফলাফল পরিষ্কার না হওয়া পর্যন্ত অপেক্ষায় থেকেছিল সবাই।ভোটারদের দীর্ঘ সারি

ফরাসি সংবাদ সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে এসব তথ্যের পাশাপাশি আরও বলেছে, আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৬০ বছর বয়সী কমলা হ্যারিস এবং ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এবারই সম্ভবত সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে, নির্বাচনে ভোটারদের পাশে টানতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলা হ্যারিস লিখেছেন, ‘আজ আমরা ভোট দিচ্ছি কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমেরিকার জন্য প্রতিশ্রুতির বিষয়টিতে বিশ্বাস করি।’ অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প এক মিনিটের একটি ভাবগম্ভীর বিজ্ঞাপন প্রকাশ করে এক পোস্টে বলেন, ‘আজকের এই দিনটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।’আশা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় তার ভোট প্রদান করবেন। অন্যদিকে কমলা হ্যারিস ইতোমধ্যে ডাকযোগে তার ভোট দিয়ে দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ব্ল্যাক মাউন্টেন, নর্থ ক্যারোলাইনাতে মারাত্মক বন্যার পর অস্থায়ী ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। সুইং স্টেট পেনসিলভানিয়ার ইরি শহরের ভোটকেন্দ্রগুলোতেও দেখা গেছে মানুষের লম্বা সারি।

একটি এলিমেন্টারি স্কুলে কমলা হ্যারিসকে ভোট দেওয়ার পর ৪৬ বছর বয়সী মার্শেল বেসন বলেন, অনেক দূর ভোটারদের লাইন চেলে গেছে। তিনি আরও বলেন, ‘আমরা এখন অনেকটাই বিভক্ত, কমলা শান্তির পক্ষে রয়েছেন। তার প্রতিপক্ষ সবকিছু নেতিবাচকভাবে তুলে ধরছে।’বাড়িতে তৈরি ডোনাল্ড ট্রাম্পের শার্ট গায়ে একই স্কুলে ভোট দেওয়া ৫৬ বছরের ডারলেন টেইলর বললেন তার প্রধান লক্ষ্য ‘সীমান্ত বন্ধ করা’ আর এর পাশাপাশি তিনি আগামী চার বছর মুল্যস্ফীতি দেখতে চান না।

প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল পেতে এবার কয়েকদিন সময় লাগতে পারে যদি প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়। তবে, যাই হোক না কেন ফলাফল নিয়ে দুভাগে ভাগ হয়ে পড়া জাতি বেশ উত্তেজনা নিয়েই অপেক্ষা করছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park