একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে ড. মিজানুর রহমান আজহারী লেখেন, “আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।” তার এই আহ্বান সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
এর আগে দেওয়া আরেকটি পোস্টে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। ড. মিজানুর রহমান আজহারী বলেন, কিছু পয়েন্টে আপত্তি থাকলেও গণভোটের বেশিরভাগ পয়েন্ট ইতিবাচক। তাই সার্বিক বিবেচনায় গণভোটে ‘হ্যাঁ’ দেওয়াটাই মোটাদাগে বাংলাদেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর বলে তিনি মনে করেন। তুলনামূলকভাবে এটিকেই তিনি বেটার অপশন হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং ক্ষমতাকে কেন্দ্রীভূত করার পথ বন্ধ করতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার কোনো বিকল্প নেই। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, পরে জুলাই সনদের নাম করে কৌশলে কোনো মূল্যবোধবিরোধী আইন প্রণয়ন করতে চাইলে দেশের আপামর ধর্মপ্রাণ জনগণ তা রুখে দেবে—এমন প্রত্যাশাও তিনি ব্যক্ত করেন।