সাভারের তেতুঁলঝোড়া কলেজ মাঠে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন ও নির্বাচন ব্যবস্থাপনা অনুশীলন পরিদর্শনে এসে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যতই অপপ্রচার হোক না কেন, নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তিনি উল্লেখ করেন, কেউ যদি নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত। জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেন, এবার যে টেকনিক্যাল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তার মাধ্যমে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করতে পারবে।
এ সময় মহা-পুলিশ পরিদর্শক বাহারুল আলম, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।